27 October 2026
গল্প

শহর থেকে গ্রামের বাড়িতে একদিন....

রেদোয়ান আসিফ রিসান · প্রকাশ: 07 Sep 2026 · আপডেট: 27 Oct 2026 · 1 মিনিট পড়া · 61 ভিউ

এই তো সেদিন আমি আর আমার বন্ধু মিরাজ শহর থেকে গ্রামের বাড়িতে গেছি।


বিকেলের দিকে হাঁটতে হাঁটতে গলির মোড়ের চা-স্টলে ঢুকলাম।


গিয়ে দেখি, বসার মতো একটা চেয়ারও খালি নেই। কী আর করা... দাঁড়িয়েই দুই কাপ চায়ের অর্ডার দিলাম।


চা আসতে বেশি সময় লাগল না।


আমরা চা হাতে দাঁড়িয়ে আছি, এমন সময় পাশের বেঞ্চে বসা কয়েকজন মুরুব্বির কথা কানে এলো।


একজন খুব ধীরে বলল,


— "আমি কিন্তু আগেই কইছিলাম... এইডা ঠিক হইবো না।"


আরেকজন চায়ে ফুঁ দিতে দিতে বলল,


— "হ... তখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই।"


আমি আর মিরাজ একে অপরের দিকে তাকালাম।


কোন ঘটনা?


কী হইছে?


আরও মন দিয়ে শুনতে লাগলাম।


তৃতীয়জন বলল,


— "কথাডা এখনো শেষ হয় নাই... আসল জিনিস সামনে।"


আমার তো মনে হচ্ছে গ্রামের কোনো সালিশের খবর।


আরেকজন বলল,


— "আমি গত চার দিন ধইরা নজর রাখতাছি।"


মিরাজ আস্তে করে বলল,


— "দোস্ত... এরা মনে হয় CID-এর রিটায়ার্ড অফিসার।"


আমি বললাম,


— "চুপ... আগে দেখি মামলা কী।"


ওদিকে আলোচনা আরও গম্ভীর।


— "আজকেও একই কাজ করছে।"


— "কয়বার?"


— "তিনবার।"


— "হুম..."


তারপর সবাই চুপ।


পুরো চা-স্টলে এমন নীরবতা, মনে হলো এখনই কেউ বড় একটা তথ্য দিবে।


শেষে একজন গলা খাঁকারি দিয়ে বলল,


— "মজিদের গরু আগের মতো খড় খায় না।"


সবাই একসাথে মাথা নাড়ল।


আমি চায়ে বিষম খেলাম।


এইটাই এতক্ষণের গবেষণা?


কিন্তু না...


এটাই শুধু শুরু।


একজন বলল,


— "গরুর দোষ না।"


আরেকজন বলল,


— "খড়েরও দোষ না।"


তৃতীয়জন বলল,


— "দোষটা অন্য জায়গায়।"


আমি আবার আগ্রহ নিয়ে দাঁড়ালাম।


কোথায় দোষ?


লোকটা এক চুমুক চা খেয়ে বলল,


— "মজিদ নিজেই চিন্তায় আছে... গরুও টের পাইছে।"


কেউ হাসল না।


বরং পাশ থেকে একজন বলল,


— "এই কথায় যুক্তি আছে।"


আমি আর মিরাজ তখন বুঝলাম...


এই টেবিলে যুক্তি প্রমাণ দিয়ে না...


আত্মবিশ্বাস দিয়ে চলে।


এর মধ্যেই একজন আমাদের দিকে তাকিয়ে বলল,


— "ওই দুইডা কার পোলা?"


আরেকজন একবার আমাদের দেখে বলল,


— "শহরের।"


— "কেমনে বুঝলা?"


— "চা ঠান্ডা হইয়া গেছে... তাও গল্প শুনতাছে। গ্রামের হইলে এতক্ষণে আরেক কাপ অর্ডার দিত।"


আমি আর মিরাজ কিছু বললাম না।


চুপচাপ চা শেষ করলাম।


বের হইতে যাব, এমন সময় পিছন থেকে আবার শুনি—


— "শহরের দুইডারে দেখলেন?"


— "হ।"


— "একজন বেশি কথা কয়, আরেকজন বেশি শোনে..."


— "হুম..."


— "কাল আইলে বুঝুম, আসল উদ্দেশ্য কী..." 🙂

সম্পর্কিত লেখা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

একটি মন্তব্য লিখুন