26 October 2026
উপন্যাস

আমি তোমাকে ভালোবাসি বলিয়াই তুমি সুন্দর

রেদোয়ান আসিফ রিসান · প্রকাশ: 11 Oct 2026 · আপডেট: 26 Oct 2026 · 1 মিনিট পড়া · 84 ভিউ

আমি তোমাকে ভালোবাসি বলিয়াই তুমি সুন্দর

পৃথিবীতে মানুষের অভাব কবে ছিল বলো? 


পথে-ঘাটে, হাটে-বাজারে, বিদ্যালয়ের প্রাঙ্গণে, কলেজের বারান্দায়, রিকশার পাশে কিংবা জানালার ওপারে—কত শত মুখ যে প্রতিদিন চোখের সামনে দিয়ে যায়, তাহার হিসাব কে রাখে! কত মানুষ আসে, কত মানুষ হারাইয়া যায়, কেহ মনে দাগ কাটে, কেহ বা সহস্র মানুষের ভিড়ে মিশিয়া গিয়া নাম-নিশানা হারায়। অথচ এত এত মানুষের ভিড়ে আমার চোখ কেন তোমারই মুখখানি খুঁজিয়া ফিরিল? কেন আমার সমস্ত অবাধ্য মন তোমার কাছেই আসিয়া নতজানু হইল? কখনো কি ভাবিয়াছ, এই রহস্যের উত্তর কোথায়?


উত্তর খুব সহজ—আমি তোমাকে ভালোবাসি।


তুমি সুন্দর বলিয়াই যে তোমাকে ভালোবাসিয়াছি, তাহা নয়; বরং ভালোবাসিয়াছি বলিয়াই তোমার মধ্যে সৌন্দর্য খুঁজিয়া পাই। তোমার এলোমেলো চুল, উদাসীন চোখ, অগোছালো বেশ, অভিমানে মুখ ফিরাইয়া থাকা—সবই আমার কাছে অপূর্ব। তুমি যখন হাসো, মনে হয় পৃথিবীর সমস্ত বিষণ্নতা বুঝি এক নিমেষে মুছিয়া গেল; আর যখন অভিমান করিয়া নীরব থাকো, তখন তোমার সেই নীরবতার কাছেও আমার কত কথা জমা হইয়া থাকে, তাহা তোমাকে বলিয়া বোঝাইবার সাধ্য আমার নাই।


ভালোবাসা তো কেবল চাঁদের আলোয় কবিতা লেখা কিংবা মধুর বাক্যে হৃদয় ভোলানো নয়। ভালোবাসা মানে কারও অবহেলিত ক্লান্তির পাশে নীরবে বসিয়া থাকা; তার মন খারাপের কারণ না জানেও তাকে আগলাইয়া রাখা। ভালোবাসা মানে যত্ন, মায়া, আকুলতা; কখনো একটু রাগ, কখনো অভিমান, কখনো বা শত অভিমান ভাঙাইয়া আবার তার হাতখানি ধরে নেওয়া। ভালোবাসা মানে—পৃথিবী যখন তোমার ত্রুটি খুঁজিতে ব্যস্ত, তখনও একজন মানুষের চোখে তুমি পরম মমতায় সুন্দর থাকিয়া যাও।


তাই তোমাকে ভালোবাসি বলিয়া তোমাকে নিখুঁত হতে হবে না। তোমার সকল অপূর্ণতা, দুর্বলতা, ভুলভ্রান্তি নিয়েই তুমি আমার প্রিয়। তোমাকে অন্য কারও মতো হতে হবে না, অন্যের চোখে সুন্দর হইবার জন্য তোমাকে নিজেকে বদলাইতেও হবে না। আমার ভালোবাসার কাছে তোমার এই যে তুমি—এটাই যথেষ্ট।


 আমি চাই না, পৃথিবীর সকল পুরুষ তোমাকে দেখিবার অধিকার হারাইয়া ফেলুক; আমি শুধু চাই, পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝেও তুমি এমন একজনকে খুঁজিয়া পাও, যাহার নিকট তোমার হাসি নিরাপদ, তোমার অশ্রু আদরের, আর তোমার নীরবতাও সমান প্রিয়।


যদি কোনোদিন আয়নার সম্মুখে দাঁড়াইয়া নিজের সৌন্দর্য লইয়া তোমার মনে সংশয় জাগে, তবে একবার আমার চোখের দিকে তাকাইয়ো। দেখিবে, সেখানে তোমার রূপের চেয়েও অধিক কিছু জমা রহিয়াছে—তোমার জন্য আমার মায়া, আর এক জীবনের সমস্ত মমতা লইয়া গড়া একখানি ভালোবাসার পৃথিবী।


~রেদোয়ান আসিফ রিসান

সম্পর্কিত লেখা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

একটি মন্তব্য লিখুন